.webp)
রাজধানীতে বিভিন্ন অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন অপরাধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ২০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১১০ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, মতিঝিল ও গুলশান বিভাগে ৭৮ জন করে, লালবাগ বিভাগে ৪৭ জন, রমনা বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৩২ জন এবং এসআরইউ ও গোয়েন্দা বিভাগে চারজন করে গ্রেপ্তার হয়েছেন।
অভিযানকালে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা ও ৪৯৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ছাড়া ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, একটি মোটরসাইকেল, চারটি ব্যাটারিসহ একটি অটোরিকশা এবং নগদ ৩২ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ সময় জুয়া খেলার ১০৪টি কার্ড, আটটি খাতা এবং গাঁজাভর্তি কলকিসহ কাটারও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।