
গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। ‘অননুমোদিত’ ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ সংরক্ষণের অভিযোগে যৌথ অভিযান চালিয়ে এসব গুদাম সিলগালা করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযানটি পরিচালনা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে অভিযান চালায়। প্রাথমিকভাবে ওয়্যারহাউসগুলোতে ‘গুরুতর অসংগতি’ পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য চারটি গুদাম সিলগালা করা হয়েছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সালমান মুক্তাদিরের স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয়। পরে ফেসবুক লাইভে এসে ওই ঘটনার বিষয়ে বিভিন্ন অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া মামলা করেন। মামলায় জমি দখল ও পূর্বশত্রুতার জেরে হামলা চালানোর অভিযোগ আনা হয়। এতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলায় এখন পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্যও তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত বুধবারের মধ্যে তার ব্যাংক হিসাব ও লেনদেনের বিস্তারিত তথ্য বিএফআইইউতে পাঠাতে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছিল।