
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে এবং ৫১টি মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ৩১ জন, লালবাগের ৪৪ জন, ওয়ারীর ৫৪ জন, মতিঝিলের ৭৫ জন, তেজগাঁওয়ের ৯৬ জন, মিরপুরের ৯২ জন, গুলশানের ৪৬ জন এবং উত্তরা বিভাগের ৯৩ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ থেকে ১৬ জন ও সিটিটিসি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫টি ইয়াবা ও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।