
আওয়ামী লীগকে আবার রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় করার উদ্যোগ সরকারের একটি অংশ ও প্রশাসনের ভেতরের একটি পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ প্রক্রিয়ায় দিল্লির সঙ্গে সরকারের অভ্যন্তরীণ যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে যোগ দেন গোলাম পরওয়ার। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি দাবি করেন, আওয়ামী লীগকে ‘ইনক্লুসিভ’ প্রক্রিয়ায় রাজনীতিতে ফিরিয়ে আনার পথ খুঁজছে সরকারের একটি অংশ। প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী লীগের অনুসারীদের একটি অংশ দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, এ ধরনের দাবি অসত্য ও হাস্যকর। যারা এমন অভিযোগ করছেন, তাদেরই এর প্রমাণ দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজধানীর গুলশান, ধানমন্ডিসহ দেশের অন্তত ২০টি জেলায় মিছিল করেছে। তাঁর দাবি, গোয়েন্দা সংস্থা ও পুলিশ থাকা অবস্থায় প্রশাসনের ভেতরে থাকা একটি পক্ষের সহযোগিতা ছাড়া এসব কর্মকাণ্ড সম্ভব নয়।
আওয়ামী লীগের কর্মকাণ্ডের দায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার। তাঁর দাবি, এভাবে দলের নিরীহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।
শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের নেতাদের ফাঁসি দেওয়ার জন্য দায়ী ব্যক্তিদের আবার রাজনীতিতে ফিরিয়ে আনার সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার অভিযোগ গ্রহণযোগ্য নয়। বিরোধী দলকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, দেশের বৃহত্তর স্বার্থে আগের নির্বাচনের ফলাফল জামায়াত মেনে নিয়েছে। তবে তাঁর দাবি, ওই নির্বাচনের ফলাফল ‘ম্যানিপুলেট’ করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকেও এ বিষয়ে তারা তথ্য পেয়েছেন বলে জানান তিনি।
সরকারের সঙ্গে সহযোগিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের স্বার্থে তারা সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন। তবে সরকারের পক্ষ থেকে জামায়াতের প্রতি রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গোলাম পরওয়ার বলেন, দুর্নীতি এখন শুধু শহর বা প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ নেই; গ্রাম-গঞ্জেও এর বিস্তার ঘটেছে।
জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ প্রসঙ্গে তিনি বলেন, সমসাময়িক ৩৮টি সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতার জন্য বিনা খরচে বিশেষজ্ঞ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সরকার সেই প্রস্তাব বিবেচনা করেনি বলে অভিযোগ করেন তিনি। জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের বিষয়টি সাম্প্রতিক সময়ে দলটির পক্ষ থেকেও জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত সরকার সহযোগিতা করছে। এসব বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।