
রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে গ্রিন রোডের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কলাবাগান থানার এসআই আতিকুর রহমান জানান, ধীরেন্দ্র কুমার রায় বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। তার মেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ সকাল সোয়া ১০টার দিকে হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করছে পুলিশ।