
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে ২৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকের পাশাপাশি বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন আলামতও জব্দ করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ২৯ জন এবং উত্তরা বিভাগে ৫৬ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৬ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের আলামত জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছাতার কাপড়ের পোড়া অংশ, ছাতার বাট, সান লাইট ব্যাটারির অংশ, ছাতার রডের খণ্ডিত অংশ, ৯ ভোল্ট ব্যাটারির অংশ, বিয়ারিংয়ের ১২টি বল, জিআই পাইপের খণ্ডিত অংশ, ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, ফুয়েল পেপার, গ্যাস লাইট, ১৬টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ২১টি ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি চেক বই এবং ৪৪৩টি সিমকার্ড।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযানের সময় একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।