
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
দলটির প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু এক বিজ্ঞপ্তিতে জানান, এখন থেকে ১১ দলীয় ঐক্যের সব ধরনের কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকবে। তবে ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের প্রয়োজন দেখা দিলে বিষয়টি বিবেচনা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় জোটটির কার্যকারিতা বাস্তবিক অর্থেই শেষ হয়েছে। এরপরও নির্বাচন-পরবর্তী সময়ে কয়েকটি কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিলেও এখন থেকে জোটের সব কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
এতে আরও বলা হয়, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে প্রয়োজন হলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে দলের নায়েবে আমির, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় দলের নাম কিংবা নেতাদের নাম ব্যবহার না করার জন্য। পরে রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহার করা হলে আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জোটের কোনো কর্মসূচিতে খেলাফত মজলিসের নাম ব্যবহার করা হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।