রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাই ঘর থেকে বের হওয়ার আগে দিনের গুরুত্বপূর্ণ আয়োজনগুলো সম্পর্কে ধারণা থাকলে পরিকল্পনা করা সহজ হয়।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার উল্লেখযোগ্য কর্মসূচিগুলো নিচে তুলে ধরা হলো—
ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপের উদ্বোধন
সকাল সাড়ে ১১টায় রাজধানীর নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য নাগরিক সেবা প্ল্যাটফর্ম ‘ক্লিন কেয়ার’ অ্যাপের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কর্মসূচি
দুপুর ১২টায় রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জাতিসংঘের নেতৃত্ব নিয়ে ভার্চুয়াল আলোচনা
সন্ধ্যা ৬টায় ‘Rethinking UN Leadership in a Fragmented World: A Bangladesh-Centred Perspective’ শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে জাতিসংঘের নেতৃত্ব, বৈশ্বিক পরিবর্তিত প্রেক্ষাপট এবং বাংলাদেশের ভূমিকা নিয়ে মতবিনিময় করবেন বক্তারা।
নতুন মেডিকেল কলেজ অনুমোদন নিয়ে ওয়েবিনার
সন্ধ্যা সাড়ে ৭টায় ‘নতুন মেডিকেল কলেজের অনুমোদন: সমস্যার সমাধান, নাকি একই ভুলের পুনরাবৃত্তি?’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ। অনুষ্ঠানে নতুন মেডিকেল কলেজ অনুমোদনের নীতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।