
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলের প্রাক্কালে ঢাকার দুই এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
আজ সোমবার (২২ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
শেরেবাংলা নগর থানা সূত্রের বরাতে ডিএমপির এই কর্মকর্তা জানান, রোববার সকালে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী শেরেবাংলা নগর এলাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের প্রধান সড়কে জড়ো হন। সেখানে তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হাতেনাতে ছয়জনকে গ্রেফতার করে।
শেরেবাংলা নগর থানায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— আদাবর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক মো. কবির আহম্মেদ (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার (৪০), মো. নয়ন শেখ (৩১) এবং যুবলীগের সক্রিয় কর্মী মো. ইব্রাহিম (২৬), মো. রাকিব (২৬) ও মো. রাকিব (২৩)।
অন্যদিকে, মোহাম্মদপুর থানার খবরের ভিত্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, একই দিন সকালে মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় আরেকটি ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আওয়ামী লীগের আরও ৮ জন সক্রিয় কর্মীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানায় গ্রেফতার হওয়া ওই ৮ জন হলেন— মো. কবির ওরফে হুমায়ুন কবির (৫৪), মো. কালাম ফরাজি (৪০), কবির হাওলাদার (৪৮), মো. সিরাজ (৩৮), মো. হেলাল হোসেন (৪০), মো. আলী রাজ হোসেন (৩৭), মো. স্বপন মিয়া (৪০) ও মুরাদ ওরফে মুরাদ মাতবর (২৭)।