
রাজধানীতে মোটরসাইকেলে জ্বালানি নেওয়ার নিয়মে বড় পরিবর্তন আসছে—নির্ধারিত কিছু ফিলিং স্টেশনে এখন থেকে ‘ফুয়েল পাস’ ছাড়া তেল মিলবে না। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ঢাকার ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে এই ফুয়েল পাস বাধ্যতামূলক করা হচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
যেসব ফিলিং স্টেশনে এই নিয়ম কার্যকর হবে সেগুলো হলো—করিম এন্ড সন্স (শাপলা চত্বর, ঢাকা), ইউরেকা এন্টারপ্রাইজ (মহাখালী), মাসুদ হাসান ফিলিং স্টেশন (এয়ারপোর্ট, উত্তরা), মেসার্স সততা এন্ড কোম্পানি (৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা), মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন (সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর), মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি (৮০, শহীদ তাজউদ্দিন আহম্মদ স্মরণি, তেজগাঁও), মেসার্স এস.পি. ফিলিং স্টেশন লিমিটেড (গাবতলী, মিরপুর), সিটি ফিলিং স্টেশন (তেজগাঁও, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড), সেবা গ্রীন ফিলিং স্টেশন (উত্তরা, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড), স্যাম অ্যাসোসিয়েটস (মিরপুর-০২, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড) এবং সুমাত্রা ফিলিং স্টেশন (কালশী রোড, মিরপুর)।
এদিকে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ব্যক্তিগত গাড়ির নিবন্ধনের জন্য ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে। এর আগে ‘ক’, ‘খ’ এবং ‘গ’ সিরিজের গাড়ির নিবন্ধন চালু করা হয়েছিল।