
রাজধানীতে জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. আহমেদ হোসেন (৫০) অফিস শেষ করে বাসায় ফেরার পথে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে অজ্ঞাত ২–৩ জন ব্যক্তি তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত অবস্থায় তাকে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে।
হাসপাতালের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাস্থলে বনানী থানা পুলিশ উপস্থিত হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।