
দিনের শুরুতেই স্বস্তির ইঙ্গিত। রাজধানী ঢাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্থায়ীভাবে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। এর আগে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া জানানো হয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ‘ট্রেস’, অর্থাৎ ০.১ মিলিমিটারেরও কম।