
দিনের শুরুটা শান্ত থাকলেও দুপুর গড়াতেই ঢাকায় বদলে যেতে পারে আবহাওয়ার চিত্র। রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি, এমনকি বজ্রসহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (৩০ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুরের মধ্যে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে উঠতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে তা হঠাৎ করে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সামান্য, যা ট্রেস হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, আগের রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।