
রাজধানীর তেজগাঁও এলাকায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক কলেজছাত্রের। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হন শাহরিয়ার ইমন (১৮), আহত হন তার বন্ধু ওমর ফারুক (২০)।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে তেজগাঁওয়ের সাওদান গ্রুপ কোম্পানির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আশপাশের পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আড়াইটার দিকে ইমনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত ওমর ফারুক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত ইমনের বোনজামাই মো. সাদ্দাম হোসেন জানান, ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র ছিল এবং মুগদার মান্ডা মধ্যপাড়ায় তাদের নিজস্ব বাসা। তার বাবার নাম মৃত হযরত আলী।
তিনি আরও জানান, রাতে ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুককে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়েছিল। রাত ২টার দিকে তেজগাঁও এলাকায় ট্রাকের সঙ্গে দুর্ঘটনার খবর পান। পরে ঢাকা মেডিকেলে গিয়ে ইমনের মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রাতে পথচারীরা আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।