
মগবাজারের বিশাল সেন্টারের একটি শোরুমে পাঞ্জাবি বিক্রির অফারকে কেন্দ্র করে ঘটে যাওয়া উত্তেজনার কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তৎপর হয়েছে। ঘটনার তদন্তের জন্য বিশেষ একটি কমিটি গঠন করা হয়েছে, একই সঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজাকে ক্লোজড করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শুক্রবার (২০ মার্চ) মগবাজারের বিশাল সেন্টারের ওই দোকানে পাঞ্জাবি বিক্রির অফারের কারণে মার্কেট কমিটি ও সংশ্লিষ্ট শোরুমের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার সঙ্গে কোনো পুলিশ সদস্যের জড়িত থাকা বা না থাকার বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। একই সঙ্গে এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-কে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।