
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বেড়েছে। দুপুর ২টা পর্যন্ত এ আসনে ৩৬ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ইউনুচ আলী বলেন, দুপুর ২টা পর্যন্ত মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল। “এ আসনে দুপুর ২টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩৬ শতাংশ। কোনো ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি,” যোগ করেন তিনি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৭৪ জন। ১৩৮টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।