
পুরান ঢাকার লক্ষীবাজার এলাকা দীর্ঘদিন ধরে শিক্ষা নগরী হিসেবে পরিচিত। ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে সোহরাওয়ার্দী কলেজ পর্যন্ত এবং আশপাশের এলাকায় অবস্থিত রয়েছে ডজনখানেক নামকরা স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী এই সড়ক ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে।
অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিন ধরে খোঁড়াখুঁড়ি ও রাস্তা সংস্কারের নামে এই পুরো এলাকায় ভয়াবহ ধূলাদূষণের সৃষ্টি হয়েছে। পরিকল্পনাহীন ও দীর্ঘসূত্রিতার কারণে প্রতিদিন শিক্ষার্থীদের ধূলাবালির মধ্য দিয়েই স্কুল-কলেজে যেতে হচ্ছে। এর ফলে শিশু ও কিশোর শিক্ষার্থীরা শ্বাসকষ্ট, অ্যালার্জি, চোখে জ্বালা, কাশি ও অন্যান্য শ্বাসতন্ত্রজনিত রোগের মারাত্মক ঝুঁকিতে পড়ছে।
বিশেষ করে সকালে স্কুল-কলেজ শুরুর সময় ধূলার ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, যা কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা যেখানে রাষ্ট্র ও সিটি কর্পোরেশনের মৌলিক দায়িত্ব, সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের এমন অবহেলা গভীর উদ্বেগের বিষয়।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবি জানাচ্ছি—দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তা সংস্কারকাজ সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন করা হোক। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে প্রতিদিন সকাল ৭টার মধ্যে নিয়মিত পানি ছিটানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।আশা করি, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও শিক্ষার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখবে।