
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষে আয়োজিত ঐতিহাসিক গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার এক বিশেষ বিবৃতিতে তিনি বলেন, “ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং নির্বাচন-সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব প্রমাণ করেছে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট।”
তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটসংক্রান্ত সকল কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি বলেন, “বাংলাদেশ আবারও প্রমাণ করেছে, জনগণই সকল ক্ষমতার উৎস। এই নির্বাচন আমাদের জন্য মহা আনন্দের ও উৎসবের। নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো। যদি এই ধারা বজায় রাখা যায়, আমাদের গণতন্ত্র উৎকর্ষের শিখরে পৌঁছাবে।”
