
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা-৮ আসনে উত্তাপ ছড়াল ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে। ভোটে অনিয়ম হলে কঠোর জবাব দেওয়া হবে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের ‘রাজত্ব খান খান’ করে দেওয়া হবে। তিনি আরও বলেন, “হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেবো।”
এর আগে তাকে একটি ভোটকেন্দ্রে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে। দুপুর ১২টার দিকে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেলে সেনাবাহিনী তাকে নিরাপদে সরিয়ে নেয়। তবে এ ঘটনায় হামলার অভিযোগ করেছেন এনসিপির এই নেতা।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ তুলে বলেন, “এনসিপির নেতাকর্মীদের নিয়ে ঢাকার রেলওয়ে কলোনি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার পথে তাদের ওপর ‘আঘাত’ করা হয় এবং সেনাবাহিনীর সামনেই তার ‘মাথায় আঘাত’ করা হয়।”
তিনি আরও জানান, অভিযোগ করার পর সেনাবাহিনী তাদের উদ্ধার করে পাঠিয়ে দেয়। তার ভাষ্য, ঢাকা-৮ আসনে দুটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ—রেলওয়ে কলোনি উচ্চবিদ্যালয় কেন্দ্র এবং মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র। এসব কেন্দ্রে ভোট ডাকাতির চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে মারামারি সৃষ্টি করে ভোট বানচালের চেষ্টা করা হচ্ছে।
মির্জা আব্বাসকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলবো—খেলায় থাইকেন না। ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছে।”
তিনি সতর্ক করে বলেন, এতদিন তাদের পক্ষ থেকে পাল্টা আঘাত করার ইচ্ছা ছিল না। তবে আক্রমণ করা হলে প্রতিপক্ষকেও জবাব পেতে হবে।
শেষে তিনি বলেন, “এখন সময় প্রতিরোধের। যদি ঢাকা-৮-এ ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আল্লাহর কসম করে বলছি, সেই রাজত্ব আমরা খান খান করে দেবো। তছনছ করে দেবো। (নির্বাচনে জয়ী) হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেবো।”
