
একই সঙ্গে বেড়ে ওঠা, একই স্কুল-কলেজে পড়াশোনা, পরে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী। দুজনই ছিলেন বিভাগের সেরা। এবার উচ্চশিক্ষার জন্য একসঙ্গেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের মেধাবী দুই যমজ ভাই মো. আতিকুর রহমান ও মো. আশিকুর রহমান।
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যাচ্ছেন মো. আতিকুর রহমান। তিনি পড়বেন University of Florida-এ। অন্যদিকে মো. আশিকুর রহমান যাচ্ছেন Arizona State University-এ।
জানা গেছে, মো. আতিকুর রহমান বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। আর মো. আশিকুর রহমান ছিলেন ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। দুই ভিন্ন ব্যাচে পড়লেও অর্জনের জায়গায় ছিল দারুণ মিল। দুজনই নিজ নিজ ব্যাচে ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ হওয়ার গৌরব অর্জন করেন।
তাদের এই সাফল্যের পথ সহজ ছিল না। দীর্ঘদিনের প্রস্তুতি, কঠোর পরিশ্রম, গবেষণার প্রতি আগ্রহ এবং অ্যাকাডেমিক দক্ষতা উন্নয়নের মধ্য দিয়েই নিজেদের তৈরি করেছেন তারা। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ পেরিয়ে শেষ পর্যন্ত এই সফলতা অর্জন করেছেন দুই ভাই।
সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, আশিক ও আতিক দুজনই ছিলেন অত্যন্ত নম্র-ভদ্র। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানজিল হোসাইন সুমন বলেন, ‘তাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, আগামী প্রজন্মের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। এটি স্বপ্ন দেখার সাহস এবং এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।’
পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের জায়গা করে নিচ্ছে, যা আমাদের জন্য গর্ব ও তৃপ্তির বিষয়। তাদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও আত্মবিশ্বাসী করে তুলবে।’
নিজেদের অনুভূতি জানাতে গিয়ে আতিকুর রহমান বলেন, ‘ছোটবেলা থেকেই পদার্থবিজ্ঞানের প্রতি আলাদা টান ছিল। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিলাম। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে চান্স পাওয়ার পর এখানেই ভর্তি হই। বর্তমানে বুয়েটে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমি মোট ১০টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলাম। এর মধ্যে ৮টিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি। শেষ পর্যন্ত ইউনিভার্সিটি অব ফ্লোরিডা বেছে নিয়েছি এর র্যাঙ্কিং ও গবেষণার সুযোগের কারণে।’
আশিকুর রহমান বলেন, ‘আমারও শুরু থেকেই পদার্থবিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল। প্রথমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিতে সুযোগ পেলেও পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে ভর্তি হই। আমি মোট ৮টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলাম। এর মধ্যে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিকে বেছে নিয়েছি, কারণ এটি আমার গবেষণার আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে আমরা দুই ভাই একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একই দেশে স্কলারশিপ পেয়েছি। অনুভূতিটা সত্যিই অনেক ভালো।’