.jpeg)
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বিজ্ঞান ক্লাবের আয়োজনে “BUSC Science Olympiad–2026” সফলভাবে সম্পন্ন হয়েছে। বিজ্ঞানমনস্কতা, যুক্তিবোধ ও সৃজনশীল চিন্তাভাবনা বিকাশের লক্ষ্য নিয়ে আয়োজিত এ অলিম্পিয়াডে বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (১৬ মে) নগরীর অমৃত লাল দে কলেজে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের “Science Innovators” ক্যাটাগরির পরীক্ষার মাধ্যমে এবারের অলিম্পিয়াডের সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের প্রত্যাশার তুলনায় অধিক অংশগ্রহণের কারণে এ বছর অলিম্পিয়াডটি তিনটি পৃথক দিনে এবং ভিন্ন ভিন্ন কেন্দ্রে আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় গত ১২ মে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস—এই দুই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। পরে ১৪ মে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রে অংশগ্রহণ করে। সর্বশেষ ১৬ মে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনের সমাপ্তি হয়।
অলিম্পিয়াড প্রসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের সভাপতি নীতুন পাল বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীল চিন্তাভাবনা বিকাশের লক্ষ্য নিয়ে সাইন্স অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। তবে এ বছর প্রত্যাশার তুলনায় অধিক সংখ্যক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করায় সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে অলিম্পিয়াডটি একাধিক ক্যাটাগরি ও কেন্দ্রে বিভক্ত করে তিন দিনে সম্পন্ন করা হয়েছে।”
ক্লাবের সাধারণ সম্পাদক আবু নছর মো. ত্বোহা বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রাণিত করেছে। আমরা সবসময় চেষ্টা করি এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, যুক্তিবোধ ও গবেষণার আগ্রহ তৈরি করতে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”
অলিম্পিয়াডের বিশ্ববিদ্যালয় ও কলেজ সেকশনের সার্বিক দায়িত্ব পালন করেন জীবরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী সাজিয়া রিমি। এছাড়া, BUSC Science Olympiad–2026 আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী সামান্তা ইমরোজ হাবিবা এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সেবা আক্তার সুমাইয়া। আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধানে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয় এবারের অলিম্পিয়াড।