
দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ। এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক পরিচালনা বা ট্রায়াল রান শুরু হলো। এই অর্জনের মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে কেন্দ্রটি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে আরও কিছুদিন সময় লাগবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গতকাল মঙ্গলবার বলেন, সফল এই পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।
দুই ইউনিটে উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম এক হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বিদ্যুৎ রেখে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত এক হাজার ৩০ মেগাওয়াট সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।
বিদ্যুৎ সরবরাহ কমলে রুশ ঠিকাদারের জরিমানা
চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত দুই হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।