
চট্টগ্রামের হাটহাজারীতে একটি আবাসিক ভবনে গোপনে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুতের তথ্য পেয়ে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার লিটার তেল জব্দ করেছে প্রশাসন ও যৌথবাহিনী।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পুরাতন থানার সামনে অবস্থিত একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
অভিযানকালে ‘আলম এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, প্রতিষ্ঠানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পরিবেশে ভোজ্যতেল সংরক্ষণ করছিল। এছাড়া তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে এবং পুরোনো মজুত শেষ হওয়ার আগেই নতুন চালান এনে সংরক্ষণ করেছে। এমনকি মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগও পাওয়া গেছে।
তিনি আরও বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।