
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী এবারের সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন। নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও অংশ নেবেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
নিউইয়র্ক সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া।
তিনি বলেন, সাইডলাইনে কিছু বৈঠক হবে। এসব বৈঠকের বিষয়ে প্রায়ই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর যাদের সঙ্গে বৈঠক বা সাক্ষাৎ হবে, তা গণমাধ্যমকে জানানো হবে। এতে গোপন করার কিছু নেই।
এদিকে যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।