
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরকালে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকার তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক ও সরকারের পররাষ্ট্রনীতির অবস্থান তুলে ধরেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হবে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও তিনি অংশ নেবেন। এসব বৈঠকে বাংলাদেশের নতুন ভিশন তুলে ধরার পাশাপাশি দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, দিল্লির সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধসহ দ্বিপক্ষীয় বিভিন্ন জটিলতার সমাধান কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওই পদে দায়িত্ব পালনের মতো প্রয়োজনীয় যোগ্যতা তার ছিল না। নিয়োগ প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ছিল এবং সেখানে দুর্নীতির গন্ধ পাওয়া গেছে।
তিনি জানান, ডব্লিউএইচওর পরবর্তী নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের কথাও জানান হুমায়ুন কবির। তিনি বলেন, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে তিনি বলেন, অবৈধভাবে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও চলছে।