
ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর জেলার পরশুরাম ও ফুলগাজী সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
তিনি জানান, রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। সফরের জন্য আগামী ১ অক্টোবর সম্ভাব্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে জোরেশোরে প্রস্তুতি চলছিল। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে পথসভাস্থল প্রস্তুত করা হচ্ছিল।
ইতোমধ্যে মাটি ফেলে সভাস্থল উঁচু করার পাশাপাশি মঞ্চ ও উদ্বোধনী ফলক স্থাপনের জায়গার প্রস্তুতিও নেওয়া হয়েছিল।
এ ছাড়া ১৭ সেপ্টেম্বর ফুলগাজীতে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করার কথা ছিল।