
২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে আয়োজনের প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার প্রস্তাব বাস্তবায়িত হলে যৌথ আয়োজক স্পেন ও পর্তুগালের পরিবর্তে মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হতে পারে শিরোপা নির্ধারণী ম্যাচ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ফাইনাল আয়োজনের জন্য মরক্কো প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার নির্মাণাধীন হাসান-২ স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে প্রস্তাব করেছে।
এ প্রস্তাব এমন সময়ে সামনে এলো, যখন ফিফা সভাপতিকে ঘিরে নানা রাজনৈতিক টানাপোড়েন চলছে। বিশ্বকাপসহ ফিফার অন্যান্য টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা প্রকাশ করে এর আগে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। বিশ্বের প্রধান মহাদেশীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো এ পরিকল্পনার বিরোধিতা করে। উয়েফা বিশ্বকাপ বয়কটের হুমকিও দেয়। শেষ পর্যন্ত সমালোচনার মুখে তিনি সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হন।
পর্তুগালের সাবেক কিংবদন্তি ফুটবলার লুইস ফিগো, যিনি ২০১৫ সালে ফিফা সভাপতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েও পরে সরে দাঁড়িয়েছিলেন, ইনফান্তিনোর আচরণকে ‘সবচেয়ে নিচু, প্রতারণাপূর্ণ এবং আত্মস্বার্থে পরিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত এক কলামে তিনি লেখেন, ‘ফিফার সমস্যাগুলো নিয়ে আমি ১০ হাজার শব্দ লিখতে পারি। কিন্তু সমাধান মাত্র তিনটি শব্দে — ইনফান্তিনোকে যেতে হবে।’
বিশ্বকাপের ফাইনাল যদি সত্যিই মরক্কোতে আয়োজনের সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে সেটি স্পেনের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক এবং দেশটির ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের পরিকল্পনা করে আসছে।
আগামী বছরের মার্চে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২৭ ফিফা কংগ্রেস, যেখানে সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্য টাইমস-এর দাবি, মরক্কোকে বিশ্বকাপের ফাইনাল আয়োজনের প্রস্তাব ইনফান্তিনোর রাজনৈতিক সমর্থন নিশ্চিত করার কৌশলের ইঙ্গিত বহন করছে।