
বড় বোন বাক্প্রতিবন্ধী। প্রায় ১৪ বছর আগে ধর্ষণের শিকার হন তিনি। পরে সন্তানেরও জন্ম দেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। এবার কিশোরী ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় গত ২০ অক্টোবর এ ঘটনা ঘটে। তবে সম্প্রতি ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় গত ২৩ নভেম্বর কিশোরীর বাবা কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে মামলার প্রধান আসামি এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
ভুক্তভোগী কিশোরীর বয়স ১৭ বছর। তার বাবা একজন দরিদ্র কৃষক। তাঁর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার মো. শিপন (২২) নামের এক তরুণ তাঁর মেয়েকে বাড়ি থেকে নিয়ে যান। পরে শিপনসহ তাঁর দুই সহযোগী সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪) তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন। ঘটনার সময় অভিযুক্ত তিনজন ভিডিও ধারণ করেন। কাউকে কিছু জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় কিশোরীকে।
কিশোরীর বাবা প্রথম আলোকে বলেন, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করছিলেন তিনি। গত ২২ নভেম্বর বিভিন্নজনের মাধ্যমে মেয়েকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পারেন। পরে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। এরপর এলাকার লোকজনকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চান। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত শিপনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় ২৩ নভেম্বর কবিরহাট থানায় মামলা করেন কিশোরীর বাবা। মামলার প্রধান আসামি শিপনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি এখনো পলাতক। ঘটনাটি জানাজানি হয় রোববার।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া প্রথম আলোকে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার শিপন আদালতে দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া আদালতে ২২ ধারায় কিশোরীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
বড় বোনও ধর্ষণের শিকার হয়েছিলেন
ভুক্তভোগী কিশোরীর বাবার চার মেয়ে ও দুই ছেলে। বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। বাকি দুই মেয়ের মধ্যে একজনের বয়স ২৯ বছর। তিনি বাক্প্রতিবন্ধী। ২০১২ সালে ওই মেয়েকে ধর্ষণ করেন এক যুবক। বাক্প্রতিবন্ধী হওয়ায় তিনি তখন ঘটনাটি কাউকে জানাতে পারেননি। পরে অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়। মেয়ের কাছ থেকে ঘটনার বিষয়ে জানার পর তাঁর বাবা আদালতে মামলা করেন।
কিশোরীর বাবা প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার ওই মেয়ের পরে একটি ছেলের জন্ম হয়। বর্তমানে ছেলেটির বয়স প্রায় ১৩ বছর।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে মামলা চলাকালে ওই নারীর সঙ্গে অভিযুক্ত যুবকের বিয়ে দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। ওই যুবক বর্তমানে বিদেশে রয়েছেন।
দুই মেয়ের ধর্ষণের ঘটনায় হতাশা প্রকাশ করে কৃষক বাবা বলেন, বড় মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে এক যুগের বেশি সময় ধরে মামলার খরচ চালাতে হয়েছে। এতে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এখন ছোট মেয়েও ধর্ষণের শিকার হওয়ায় নতুন করে মামলা পরিচালনা কীভাবে করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর সরকারি কৌঁসুলি মোনাকেব বাহার প্রথম আলোকে বলেন, ছোট বোনের দলবদ্ধ ধর্ষণের ঘটনার আগে তাঁর বাক্প্রতিবন্ধী বড় বোন ধর্ষণের শিকার হওয়ার মামলায় আদালতে সব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছিল। তবে শেষ পর্যায়ে বাদী আসামির সঙ্গে সমঝোতায় পৌঁছান। মামলা চালাতে অপারগতা প্রকাশ করে বিবাদীর সঙ্গে আপসনামা জমা দেন তিনি। পরে আদালত আসামিকে মামলা থেকে খালাস দেন।