-68b11735cfb39-6ac4524864fb5.webp)
ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে আবারও সংঘাত তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াশিংটন তা বজায় রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে হুথিদের ধারাবাহিক হামলার জবাব দিতে সৌদি আরবের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার ইউরোপ সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুবিও। আইসল্যান্ড, গ্রিস ও পর্তুগাল সফর করবেন তিনি।
সৌদির নিরাপত্তা চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান
মার্কো রুবিও বলেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত চুক্তি রয়েছে। ওয়াশিংটন সেই চুক্তির প্রতি সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ থাকবে।
তার ভাষ্য, হুথিদের অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের আত্মরক্ষার অধিকার রয়েছে। একই সময়ে ইয়েমেনের সরকারি বাহিনীও আগের সংঘর্ষে হুথিদের কাছে হারানো এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাব আল-মান্দেব-এ বাড়ছে সংঘাত
ইয়েমেনের চলমান লড়াইয়ের কেন্দ্র হয়ে উঠেছে লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যকার গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির আশপাশের এলাকা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের কাছাকাছি হুথিদের নিয়ন্ত্রণের বিরুদ্ধে সৌদি ও ইয়েমেনি বাহিনী অভিযান চালাচ্ছে।
রুবিও বলেন, স্থানীয় পর্যায়ে সরকারি বাহিনীর পালটা অভিযান চালানোটা প্রত্যাশিত। ইয়েমেনে বর্তমানে যে সামরিক তৎপরতা চলছে, সেটিকে তিনি হুথিদের আগ্রাসনের বিরুদ্ধে পালটা আক্রমণ হিসেবে উল্লেখ করেন।
সানা পুনর্দখলের লক্ষ্য
এর আগে ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। হুথিদের দখলে থাকা রাজধানী সানা পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ সরকারের হাতে ফিরিয়ে আনাকে এই অভিযানের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০১৪ সাল থেকে সানা শহর হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। এরই মধ্যে ইয়েমেনের সেনাবাহিনীর কয়েকটি ইউনিট সোমবার জানিয়েছে, তারা বাব আল-মান্দাব প্রণালির কাছের ধুবাব জেলা এবং আরও কয়েকটি কৌশলগত অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছে।