
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান দলীয় নেতাকর্মীদের নিয়ে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় দালাল সন্দেহে এক ব্যক্তিকে এমপির ব্যক্তিগত নিরাপত্তাকর্মী চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে এসে প্রতিবাদ জানান।
পরে কথা কাটাকাটির একপর্যায়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খানও সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেনের দাবি, হাসপাতাল পরিদর্শনের সময় একজনকে দালাল হিসেবে চিহ্নিত করা হলে তিনি গালাগালি করেন। একপর্যায়ে একটি দলের নেতাকর্মীরা এসে জামায়াতের নেতাকর্মীদের ওপর চড়াও হন বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম অভিযোগ করেন, এমপির উপস্থিতিতে জামায়াতের নেতাকর্মীরা হাসপাতালের এক স্টাফের গায়ে হাত তোলেন। পরে স্থানীয়রা তাদের ওপর চড়াও হলে বিএনপি নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।
ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।