
দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৩ শিশু। এতে গত দুই মাসে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ জন শিশু। পাশাপাশি পরীক্ষায় আরও ১১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫৫ হাজার ৬১১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ৪১৬ জনের শরীরে। আক্রান্তদের বড় একটি অংশকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।
মৃত্যুর হিসাবেও উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত আরও ৪ শিশু মারা গেছে। ফলে একদিনেই প্রাণহানি দাঁড়িয়েছে ১২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত দুই মাসে সন্দেহজনক হামে মারা গেছে ৩৭৭ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৭৪ জন। সব মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৫১ জনে।