
দেশে হামের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে টিকাদান নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে সরকার—এখন থেকে ছয় মাস বয়সী শিশুরাও এই টিকার আওতায় আসবে।
সোমবার (৩০ মার্চ) সকালে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ বৈঠকের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) অনুযায়ী, সাধারণত ৯ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হয় এবং ১৫ মাস বয়সে দেওয়া হয় বুস্টার ডোজ। তবে সাম্প্রতিক সময়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশেষ টিকা ক্যাম্পেইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বিশেষ কর্মসূচি জুনের প্রথম সপ্তাহে শুরু হয়ে এক মাস চলবে। এতে প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
হালিমুর রশিদ বলেন, “চলমান পরিস্থিতিতে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় বয়সসীমা বাড়ানো হয়েছে। ফলে ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই কর্মসূচির মাধ্যমে টিকা পাবে।”