
রাতটা যেন হঠাৎ করেই আরও একটু উজ্জ্বল হয়ে ওঠে। হাসপাতালের একটি কক্ষে নতুন কান্নার শব্দ, বাইরে অপেক্ষায় প্রিয় মানুষগুলো, আর ভেতরে এক দম্পতির জীবনে আরেকটি নতুন অধ্যায়ের শুরু। ছোটপর্দার দর্শকদের কাছে ‘হাবু ভাই’ নামে পরিচিত অভিনেতা চাষী আলম এবার দ্বিতীয়বারের মতো বাবা হলেন।
বুধবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর কাফরুল হাইটেক মাল্টিকেয়ার পার্ক হাসপাতাল-এ পুত্রসন্তানের জন্ম দেন তার স্ত্রী তুলতুল ইসলাম। সুখবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা।
নতুন অতিথিকে ঘিরে উচ্ছ্বাস লুকাননি চাষী আলম। তিনি জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। সবার কাছে পরিবারের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো নবজাতকের ছবি প্রকাশ না করলেও খবরটি ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। ভক্তদের অনেকেই লিখছেন, পর্দার হাসিখুশি ‘হাবু ভাই’-এর জীবনে এমন সুখবর যেন আরও আনন্দ নিয়ে আসে।
এর আগেও ২০২৪ সালের জুলাইয়ে প্রথম সন্তানের বাবা হওয়ার খবর দিয়েছিলেন চাষী আলম। সেই সময়ও তার ঘরে এসেছিল একটি পুত্রসন্তান। ২০২৩ সালের আগস্টে ঢাকার মেয়ে তুলতুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
দর্শকের কাছে চাষী আলম সবচেয়ে বেশি পরিচিতি পান ব্যাচেলর পয়েন্ট নাটকের ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে। সহজ-সরল কথাবার্তা আর আলাদা অভিনয়ভঙ্গিতে খুব দ্রুতই জায়গা করে নেন দর্শকের মনে। পরে একের পর এক নাটক, ইউটিউব ট্রেন্ডিং আর ওটিটি কনটেন্টে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।
আসন্ন ঈদেও নতুন কয়েকটি নাটক ও ওটিটি কনটেন্টে দেখা যাবে এই অভিনেতাকে। তবে ব্যস্ত শিডিউলের মাঝেও এখন নিশ্চয়ই তার সবচেয়ে বড় পরিচয়, দুই সন্তানের বাবা।