
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উন্মোচন করেছেন। মস্কোর দাবি, রুশ জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত প্রথম সাবমেরিন এটি। এদিকে ২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা করেছে ক্রেমলিন।
ক্রেমলিনের প্রকাশিত ভিডিও অনুযায়ী, শুক্রবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোডভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ সাবমেরিনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুতিন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে পুতিন বলেন, “রাশিয়া বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে অন্যতম, যারা এই ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণ করতে সক্ষম; এই অস্ত্রগুলোর বৈশ্বিক প্রভাব ও তাৎপর্য রয়েছে।”
পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার পারমাণবিক প্রতিরোধব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে গোপনে চলাচল ও অবস্থানের সক্ষমতা থাকায় এসব সাবমেরিন আক্রমণের শিকার হলে পাল্টা আঘাত হানার সামর্থ্য নিশ্চিত করে।
পুতিন জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনী আরও পাঁচটি সাবমেরিন পাবে। এর মধ্যে তিনটি হবে ‘পার্ম’-এর মতোই ইয়াসেন-এম শ্রেণির। তিনি আরও বলেন, এসব সাবমেরিন বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে এবং ‘বিশ্বের মহাসাগরের যেকোনো অংশে’ অভিযান পরিচালনায় সক্ষম হবে।
পুতিন আরও বলেন, রাশিয়া নৌবাহিনীর আধুনিকীকরণ অব্যাহত রাখতে চায়। একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার জন্য নেওয়া সব পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে বলেও তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।