
শরতের ভোর। আকাশে তখনো আলো ফোটেনি। আজানের সুর ভেসে আসতেই বিছানা ছেড়ে উঠে পড়ে ছোট্ট একটি ছেলে। বাবা কিংবা বড় ভাইয়ের হাত ধরে সে হাঁটতে শুরু করে মসজিদের দিকে। পথে তার সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন শিশু। কিছুক্ষণের মধ্যেই ছোট ছোট পায়ের সেই মিছিল পৌঁছে যায় মসজিদের আঙিনায়। আরব বিশ্বের বিভিন্ন শহর ও গ্রামে এখন এমন দৃশ্য চোখে পড়ছে। এই উদ্যোগের নাম ‘রিজাল আল-ফজর’, যার অর্থ ‘ভোরের বীর’।
চলতি নভেম্বর মাসে এ উদ্যোগের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘মেন অব ফজর’ নামে পরিচিত এই প্রচারণা শিশু-কিশোর ও তরুণদের দলবদ্ধভাবে মসজিদে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায়ে উৎসাহিত করছে।
জানা গেছে, উদ্যোগটির সূচনা উত্তর আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ আলজেরিয়ায়। দেশটির সেতিফ প্রদেশের আইন এল কেবিরা এলাকায় কোরআনের শিক্ষক ওমর ইয়াওয়ি তাঁর শিক্ষার্থীদের নিয়ে ফজরের নামাজ আদায়ে মসজিদে যাওয়া শুরু করেন। প্রায় চার বছর আগে এ উদ্যোগ নিয়েছিলেন বলে দেশটির সংবাদমাধ্যম জাইর টিউবকে জানান তিনি।
ছোট পরিসরে শুরু হওয়া এ উদ্যোগ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পায়। ওমর ইয়াওয়ির পরিকল্পনা ছিল সহজ। ফজরের নামাজ শেষে শিশুরা একসঙ্গে সকালের নাশতা করবে। নিয়মিত অংশগ্রহণকারীদের পুরস্কৃত করবে স্কুল। ছোট এই আয়োজন ধীরে ধীরে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। প্রতিবেশী বোর্জ বু আরেরিদজে শহরেও ৮০ জনের বেশি শিশু এতে অংশ নিচ্ছে বলে গত ১২ নভেম্বর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আওরাস।
আলজেরিয়ার গণ্ডি পেরিয়ে উদ্যোগটি ছড়িয়ে পড়েছে মিশর, জর্ডান, মরক্কো, কাতার ও সিরিয়াসহ বিভিন্ন দেশে। শিশু-কিশোর ও তরুণদের ফজরের নামাজে অংশ নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এটি আন্তর্জাতিক ট্রেন্ডে পরিণত হয়েছে। সুদান থেকেও শিশুদের ফজরের জামাতে অংশ নেওয়ার ভিডিও ছড়িয়েছে বলে জানিয়েছে আলজাজিরা আরবি। এ প্রবণতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে চিত্রাল নিউজ, ইলমফিড ও মীম ম্যাগাজিনও।
মিশরে উদ্যোগটি ‘রেগালেট আল-ফজর’ নামে পরিচিতি পেয়েছে। সেখানে অনলাইন প্রচারণার মাধ্যমে তরুণ ও প্রাপ্তবয়স্কদের নিয়মিত জামাতে ফজরের নামাজ আদায়ের আহ্বান জানানো হচ্ছে। দেশটির লাক্সরের এসনার কাছে আল-ওদায়মা গ্রামের একটি ধর্মীয় স্কুল টানা ৩০ দিন মসজিদে ফজরের নামাজ আদায়কারী শিশুদের প্রত্যেককে ৫০০ মিশরীয় পাউন্ড পুরস্কার দিয়েছে। আল-ওয়াতান পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, পুরস্কারের সময়সীমা শেষ হওয়ার পরও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে মসজিদে আসবে বলে আশাবাদী স্থানীয়রা।
জর্ডানে এ কার্যক্রমের নাম ‘নাশামা আল-ফজর’। আয়োজক আইমান আল-বালাউই জানান, ভোরে মুসল্লিদের উপস্থিতি এতটাই বেড়ে যায় যে মসজিদের নিচতলা পূর্ণ হয়ে গেলে ওপরতলাও খুলে দিতে হয়। সাধারণত জুমার নামাজ ও রমজান মাসে ওই তলা ব্যবহার করা হয়।
মরক্কোতে ‘ফুরসান আল-ফজর’ নামে একই ধরনের প্রচারণা শুরু হয়েছে। দলবদ্ধভাবে শিশুদের মসজিদে যাওয়ার ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। তবে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রয়োজনীয় অনুমোদন না থাকায় তিজনিত এলাকায় স্থানীয় কর্তৃপক্ষ একটি কর্মসূচি স্থগিত করেছে।
কাতারের স্থানীয় সংবাদমাধ্যম মশাইরিব গত ২৪ নভেম্বর জানায়, রাজধানী দোহার বিভিন্ন মসজিদে সূর্যোদয়ের আগে ছেলেদের উপস্থিত হওয়ার ভিডিও ‘রিজাল আল-ফজর’ হ্যাশট্যাগে ছড়িয়ে পড়ছে। দেশটিতে এ ধরনের উদ্যোগ অবশ্য নতুন নয়। ২০২৩ সালে এডুকেশন সিটি মসজিদের মিনারেতিন সেন্টার শিশুদের জন্য ছয় সপ্তাহের ‘ফজর ক্লাব’ পরিচালনা করেছিল।
এ ছাড়া স্পেন, তিউনিসিয়া, লেবানন, ইরাক ও ভারতেও এ প্রবণতা ছড়িয়ে পড়েছে। এসব দেশের মুসলিম তরুণরা নিয়মিত দলবদ্ধভাবে ফজরের জামাতে অংশ নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।
‘ইয়াক্বীন ইনস্টিটিউট ফর ইসলামিক রিসার্চ’-এর প্রতিষ্ঠাতা ও ইসলামি পণ্ডিত ওমর সুলাইমানও এ উদ্যোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। গত ১৮ নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে লগ ইন করে দেখলাম একটি চমৎকার ট্রেন্ড—তরুণরা মসজিদে ফজরের নামাজ আদায় করছে। ডালাস থেকে, এরা হলো আমাদের ‘রিজাল আল-ফজর’ (ফজরের পুরুষেরা)।’
আন্তর্জাতিক মুসলিম পণ্ডিত সংঘও (আইইউএমএস) এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির মতে, এটি শিশুদের ছোটবেলা থেকেই মসজিদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে। ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস শিশুদের ধর্মীয় অনুশাসনে অভ্যস্ত করার পাশাপাশি সময়ানুবর্তিতা, আত্মশৃঙ্খলা, পরিচ্ছন্নতা, দায়িত্ববোধ ও সামাজিকতার মতো গুণাবলি বিকাশেও ভূমিকা রাখে।