
নৌচলাচল বিধি ভঙ্গের অভিযোগ তুলে হরমুজ প্রণালীতে দুটি ইসরায়েলি জাহাজ আটক করার দাবি করেছে ইরান। আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়, জব্দ করা জাহাজ দুটি হলো এমএসসি ফ্রান্সিসকা এবং ইপামিনোদেস, যেগুলোকে ইসরায়েলি পরিবহন সংশ্লিষ্ট হিসেবে দাবি করা হয়েছে। সংস্থাটির অভিযোগ, জাহাজ দুটি প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলাচল করছিল এবং একাধিকবার নৌচলাচল বিধি লঙ্ঘন করেছে।
বুধবার (২২ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাতে এ তথ্য প্রকাশ করেছে প্রেস টিভি।
এতে আরও বলা হয়, নেভিগেশন সহায়ক ব্যবস্থায় কারচুপির মাধ্যমে গোপনে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা চালানো হচ্ছিল, যা সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজ দুটি শনাক্ত করে আটক করা হয়। পরে সেগুলোকে ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে গিয়ে পণ্য ও নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম ভাঙার যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।