-6aae9a9b3196e.webp)
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবেল-মানদেব প্রণালির কাছাকাছি সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে সংগঠনটির একজন শীর্ষ কমান্ডারসহ অন্তত সাতজন হুথি যোদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইয়েমেন সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
দেশটির তথ্য উপমন্ত্রী আবদুলবাসিত আল-কায়েদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, কাহবুব ফ্রন্টে এই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই লড়াইয়ে হুথি বাহিনীর শীর্ষ কমান্ডার ফিরাক মহসিন আল-আসার নিহত হন। তার সঙ্গে থাকা আরও ছয়জন সহযোগীও সংঘর্ষে প্রাণ হারান।
ঘটনাটি নিয়ে হুথি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে গোষ্ঠীটির অনুসারী ও সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শীর্ষ সামরিক নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে শোক জানিয়েছেন। তবে তার মৃত্যু কখন এবং ঠিক কী পরিস্থিতিতে হয়েছে, সে বিষয়ে তারা কোনো বিস্তারিত তথ্য দেননি।
কাহবুব একটি পাহাড়ি এলাকা। সেখান থেকে গুরুত্বপূর্ণ বাবেল-মানদেব প্রণালিটি সরাসরি দেখা যায়। আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই নৌপথের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই চলছে।
২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন এলাকা দখল করে নেওয়ার পর গৃহযুদ্ধ শুরু হয়। মাঝেমধ্যে সংঘাতের তীব্রতা কমলেও সাম্প্রতিক সময়ে দেশটিতে আবারও পরিস্থিতি গুরুতর রূপ নিয়েছে।