
চলচ্চিত্র থেকে কিছুটা দূরে থাকলেও নতুন এক সম্ভাবনার আভাস দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। এবার রুপালি পর্দার বাইরে রাজনৈতিক অঙ্গনে নামার ইঙ্গিত মিলেছে বর্ষার।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি প্রকাশ করেন অনন্ত জলিল।
অনন্ত জানান, দীর্ঘদিন ধরেই বর্ষা নীরবে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তাই মানুষের সেবায় নিজেকে আরও বড় পরিসরে যুক্ত করতে তার রাজনীতিতে আসা উচিত বলে মনে করেন তিনি।
তিনি বলেন, ‘টুডে অর টুমরো বর্ষা হয়তো পলিটিকস করবেই। আমি আবারও বলি, বর্ষা রাজনীতিতে আসতে পারে। কারণ, নেত্রী হিসেবে সে ভালো তার প্রশাসনিক দক্ষতাও ভালো। এতগুলো বছর ধরে তার যে আচরণ, মানুষের সঙ্গে মেশা এসব দেখলে মনে হয় সে পারবে।’
স্ত্রীর মানবিক কাজের উদাহরণ তুলে ধরে অনন্ত আরও বলেন, ‘সে যখন গ্রামে যায়, কল্পনা করতে পারবেন না সকালে দাঁড়িয়ে বিকেল পর্যন্ত, কখনো ৮-৯ ঘণ্টা ধরে মানুষের পাশে থাকে, নিজের হাতে সাহায্য করে। আমরা তো অনেক সময় কয়েকজনকে দায়িত্ব দিয়ে চলে যাই, কিন্তু সে তা করে না। এমনকি বাচ্চাদের স্কুলব্যাগের মতো ব্যাগে টাকা নিয়ে নিজে দাঁড়িয়ে ছয়-সাত-আট ঘণ্টা পর্যন্ত বিতরণ করে। তার মধ্যে দেশসেবার মতো ধৈর্য আছে।’
রাজনীতিতে নিজেদের অবস্থান প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমরা তো সব সময় নিরপেক্ষ থেকেছি, ভালো কিছুর পক্ষে থেকেছি। যদি আমি নিজে সৎ থাকি, তাহলে আমাকে দেশ ছাড়তে হবে কেন? সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়।’