
দেশের প্রতিটি নাগরিকের কাছে সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা পাওয়া কোনো সুবিধা নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার।’
এ সময় দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগের কথা জানান তিনি। ডেঙ্গু প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জুবাইদা রহমান।
স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে দক্ষ চিকিৎসকদের পাশাপাশি দেশে থাকা আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। জুবাইদা রহমান বলেন, ‘দেশের দক্ষ চিকিৎসকের পাশাপাশি যে মেডিকেল টেকনোলজি রয়েছে, তা দিয়ে স্বাস্থ্য খাত এগিয়ে নিতে হবে।’
দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন বাস্তবায়নের জন্য প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
জুবাইদা রহমান বলেন, ‘সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব।’