
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদের ফ্যান খুলে পড়ে ডা. ফৌজিয়া মোস্তফা নামে এক নারী চিকিৎসক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০১অক্টোবর) দুপুরে চিকিৎসাসেবা দেওয়ার সময় হাসপাতালের চিকিৎসকদের রেস্টরুমে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে রেস্টরুমে অবস্থান করছিলেন ডা. ফৌজিয়া মোস্তফা।
এ সময় হঠাৎ ছাদের ফ্যানটি খুলে তার ওপর পড়ে। ফ্যানটি মাথায় না পড়ে কাঁধে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। তবে এতে তার কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ অবকাঠামো ও সরঞ্জাম থাকার বিষয়টি সামনে এসেছে। এসব ঝুঁকিপূর্ণ সরঞ্জাম দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আহত চিকিৎসক ডা. ফৌজিয়া মোস্তফা বলেন, রেস্টরুমে থাকা অবস্থায় হঠাৎ ফ্যানটি খুলে আমার ওপর পড়ে। ভাগ্য ভালো, ফ্যানটি মাথায় না পড়ে কাঁধের ওপর পড়েছে। এতে আমি আহত হয়েছি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য হাসপাতালের ঝুঁকিপূর্ণ সরঞ্জামগুলো দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএমও) মামুনুর রশিদ পলাশ বলেন, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে জানানোর পরও স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডসহ বিভিন্ন জায়গায় এ ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে যেকোনো সময় এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।