
রাজধানীর হাতিরঝিলে ছয় বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে থানা প্রাঙ্গণের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। তাদের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে।
শিশুটির স্বজনদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম উলন এলাকা থেকে একটি মেয়েশিশু নিখোঁজ হয়। পরে মধ্যরাতে একই এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা স্থানে তার মরদেহ পাওয়া যায়।
নিহত শিশুটির নাম তাহেদী আক্তার (৬)। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সে বাসা থেকে বাইরে বের হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে নির্মাণাধীন ভবনের ওই ফাঁকা স্থানে তাকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়।
পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার ভোরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।