
সেপ্টেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। এ মাসে সাধারণ মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশ। এর আগের মাস আগস্টে এই হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশীয় পয়েন্ট।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
খাদ্যপণ্যে মূল্যস্ফীতি
বিবিএসের পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতিও আগের মাসের তুলনায় বেড়েছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ। আগস্টে এই হার ছিল ৭ দশমিক ০২ শতাংশ।
অর্থাৎ এক মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট।
তবে গত বছরের একই মাসের সঙ্গে তুলনা করলে খাদ্য মূল্যস্ফীতির হার কিছুটা কম রয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। চলতি বছরের সেপ্টেম্বরে তা নেমে এসেছে ৭ দশমিক ২২ শতাংশে।
ব্যবহার্য পণ্যে সামান্য কমেছে
অন্যদিকে সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার সামান্য কমেছে। এ খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ, যেখানে আগস্টে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।
ফলে এক মাসের ব্যবধানে ব্যবহার্য পণ্যে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ০২ শতাংশীয় পয়েন্ট।
তবে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এবার খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার বেশি। ২০২৫ সালের সেপ্টেম্বরে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ। চলতি বছরের একই সময়ে তা বেড়ে হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।