
গাজীপুরে ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে মহানগরীর নাওজোড় এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ আগুন লাগে। এতে তিন শ্রমিক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ জানান, রাত ৮টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।
মো. হিরণ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসভর্তি একটি সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
তবে স্থানীয়দের ভাষ্য, গ্যাসভর্তি একটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় প্রতিষ্ঠানের ভেতরে আটজন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাছের একটি হাসপাতালে নিয়ে যান।