
ঈদে মুক্তি পাওয়া বাণিজ্যিক ঘরানার রোমান্টিক থ্রিলার ‘রাক্ষস’ মাল্টিপ্লেক্সের পর দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে এবং দর্শক ও হল মালিক উভয়ই সন্তুষ্ট। মুক্তির পর থেকেই সিনেমাটি প্রশংসা কুড়াচ্ছে দর্শক ও সিনেমা বিশেষজ্ঞদের কাছ থেকে।
প্রযোজনা সংস্থা ও প্রদর্শক সমিতির তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে সিনেমাটি দেশের বড় সিঙ্গেল স্ক্রিন হলগুলোতে মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে গ্র্যান্ড সিলেট, আনন্দ সিনেমা (কুলিয়ারচর), মনিহার সিনেমা ও মনিহার সিনেপ্লেক্স (যশোর), মম ইন ও মধুবন (বগুড়া), রাজ তিলক (রাজশাহী), সুগন্ধা (চট্টগ্রাম), মধুমিতা, আনন্দ ও শ্যামলী (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া)।
বগুড়ার মধুবন সিনেমা হলের প্রোপাইটার আর এম ইউনুস রুবেল বলেন, “ছুটির দিনে সব শো হাউসফুল ছিল। দর্শকের প্রতিক্রিয়া দারুণ। মনে হচ্ছে সিনেমাটি দীর্ঘদিন চলবে।” রাজধানীর মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, “সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’ ভালো ব্যবসা করছে। দর্শক সংখ্যা আশানুরূপ, ধারাবাহিকভাবে এই ধারা অব্যাহত থাকলে সিনেমা থেকে ভালো আয় হবে।”
সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয়, যিনি আগে ইন্ডাস্ট্রি হিট ‘বরবাদ’ নির্মাণ করেছেন। এটি মূলত বরবাদ ইউনিভার্সের অংশ, এবং শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইতে।
সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি, পাশাপাশি রয়েছেন আলী রাজ, শাতাফ ফিগার, সোহেল মণ্ডল, সাদনিমা বিনতে নোমান, আবরার আতহার। বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।
সিঙ্গেল স্ক্রিনেও হাউসফুল হওয়া এবং দর্শকের উৎসাহ সিনেমাটির ব্যবসায়িক সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।