
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের সহায়তায় কৃষকদের মধ্যে সার বিতরণ করে প্রশাসন।
সার নিতে গিয়ে কৃষকদের বিক্ষোভ
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাহাট ক্যাম্পের মোড়ে বিসিআইসি সার ডিলার ‘মেসার্স জনার্দন ট্রেডার্সে’ পূর্বঘোষণা অনুযায়ী ৩০০ বস্তা ইউরিয়া সার বিতরণ শুরু হয়।
সার নিতে সেখানে কৃষকের সংখ্যা বাড়তে থাকায় একপর্যায়ে কয়েকজন কৃষক পাশের সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট ‘মেসার্স রাকিবুল ট্রেডার্সে’ যান। তারা ওই ডিলার পয়েন্ট থেকেও সার বিক্রির জন্য চাপ দিতে থাকেন।
তবে ডিলার তাদের জানান, বুধবার তার সার বিতরণের কোনো নির্দেশ নেই।
ডিলারের এমন বক্তব্যের পর ক্ষুব্ধ হয়ে ওঠেন কৃষকেরা। একপর্যায়ে তারা ‘মেসার্স রাকিবুল ট্রেডার্স’-এর সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
পুলিশ-বিজিবি-আনসারের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ
সড়ক অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার এবং ওসি আজিম উদ্দিন।
এ সময় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সোনাহাট, কচাকাটা ও বাবুর হাট ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও সেখানে উপস্থিত হন।
প্রশাসনের কর্মকর্তারা কৃষকদের সার বিতরণের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে প্রশাসনের তত্ত্বাবধানে সার বিতরণ করা হয়।
‘বুধবার সার বিতরণের কথা ছিল না’
মেসার্স রাকিবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী হযরত আলী বলেন, সর্বশেষ ডিও অনুযায়ী তিনি ডিএপি সার ২৩৫ বস্তা, টিএসপি ৯৫ বস্তা এবং এমওপি ৯০ বস্তা উত্তোলন করেছেন।
তিনি বলেন, বুধবার ওই ডিলার পয়েন্টে সার বিতরণের কথা ছিল না। তবে হঠাৎ কয়েকশ কৃষক বিক্ষুব্ধ আচরণ করলে প্রশাসনের সহায়তায় সার বিতরণ করতে হয়েছে।
প্রশাসনের উপস্থিতিতে দুই ডিলার পয়েন্টে সার বিতরণ
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, বুধবার রাকিবুল ট্রেডার্সের ডিলার পয়েন্টে সার বিতরণের কোনো দিন নির্ধারিত ছিল না। তবে কৃষকেরা বিশৃঙ্খলা শুরু করায় প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্টে সার বিতরণ করা হয়েছে।
‘উপজেলায় সারের সংকট নেই’
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, ঘটনার খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে যান। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উপজেলায় কোনো সারের সংকট নেই।