
গ্যাসের সংকটের মধ্যে স্বস্তির খবর এসেছে জ্বালানি খাতে। সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় এলএনজি সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দিয়ে কার্যক্রম শুরু করে টার্মিনালটি।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সামিট জানিয়েছে, ধাপে ধাপে সরবরাহ বাড়ানো হবে। ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালটি প্রায় পূর্ণ সক্ষমতায় পৌঁছে দৈনিক প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারবে বলে আশা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি বলেছে, সামিট এলএনজি থেকে গ্যাস সরবরাহ বাড়লে শিল্প, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের প্রাপ্যতা বৃদ্ধি পাবে। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সহায়তা করার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর বিদ্যমান চাপও কিছুটা কমবে।
সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার সীমার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে কার্যক্রম পরিচালনা করে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিষ্ঠানটির মতে, পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ দেশের শিল্প খাতের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা ও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সামিট এলএনজি।