
চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার পরামর্শ দিয়েছেন ভারতের কয়েকজন রাজনৈতিক নেতা। একই সময়ে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ পরিদর্শনে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা পেট্রাপোল-বেনাপোল সীমান্তে গেছেন বলেও খবর প্রকাশ করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম।
এমন পরিস্থিতিতে রোববার (২২ নভেম্বর) বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিকেল থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি তৎপরতা দেখা যায়। সীমান্তে টহল বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন বাহিনীর সদস্যরা।
রোববার বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বেনাপোল চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুল।
ভারতের কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম প্রথম কলকাতা, জি ২৪ ঘণ্টা ও মুখপত্র পোস্টসহ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর বেনাপোল সীমান্ত ঘিরে আলোচনা শুরু হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ যাচাই করতে রোববার সকালে কলকাতা থেকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনে যান আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। তাঁরা হলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।
তবে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়েই দেশে ফিরবেন, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলে আওয়ামী লীগের এক নেতার বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। সম্ভাব্য প্রবেশপথ হিসেবে পশ্চিমবঙ্গের বসিরহাট-সাতক্ষীরা সীমান্তের ঘোজাডাঙা, মালদহ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মাহদীপুর-সোনামসজিদ এবং ত্রিপুরার কয়েকটি সীমান্ত চেকপোস্টের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সবকটি পথ পর্যালোচনা করার পর সম্ভাব্য প্রবেশপথ চূড়ান্ত করা হবে।
এদিকে একই দিন ভারতের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দেশটির হিন্দু সুরক্ষা সমিতি এবং মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতাও অংশ নেন। ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ আরও কয়েকজন শীর্ষ নেতা।
সমাবেশে বিধায়ক স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের দীর্ঘদিনের কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সমালোচনা করেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে দেশে ফিরে আসার আহ্বানও জানান তিনি।
মন্ত্রী অশোক কীর্তনীয়াও একই ধরনের বক্তব্য দেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁর বক্তব্যে বাংলাদেশের জনগণকে রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি উঠে আসে।
পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ-সমাবেশ এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসার আহ্বানকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে সমাবেশ শেষ হওয়ার পর বাংলাদেশের বেনাপোল সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান আরও স্পষ্ট হয়ে ওঠে। বিকেল সাড়ে ৫টার দিকে চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে বিজিবির টহল বাড়াতে দেখা যায়।
এ বিষয়ে ৪৯ বিজিবির সহকারী অধিনায়ক মেজর মাসেদুল জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল দল সতর্ক অবস্থানে থাকবে।