
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বে ধারণ করা এবং এআই দিয়ে তৈরি ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।
পুলিশ সদরদপ্তর জানায়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের সদস্যদের ওপর হামলা কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নড়াইলের বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা চালায়। এতে শাহীন শেখ ও সোহেল মোল্যা নিহত হন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
এই হত্যাকাণ্ডের জেরে গত শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে নিহতদের আত্মীয়-স্বজন ও উত্তেজিত কিছু লোক বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।
পুলিশ জানায়, খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।