
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪১) গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা-পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নারায়ণগঞ্জের গ-সার্কেল মেহেদী ইসলাম এবং আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ওয়ালীউল্লাহর গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আব্দুল্লাহ।
নারায়ণগঞ্জের গ-সার্কেল মেহেদী ইসলাম জানান, ওয়ালীউল্লাহকে আটক করতে পুলিশ কয়েক দিন ধরে চেষ্টা চালাচ্ছিল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার ওয়ালীউল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।