
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করেছে গাজীপুর জেলা প্রশাসন। এর অংশ হিসেবে শিল্পাঞ্চলে বিজিবির মোতায়েন করা প্লাটুনের সংখ্যা ১০টি থেকে বাড়িয়ে ১১টি করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও ২১ থেকে বাড়িয়ে ২৫ জনে উন্নীত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকেই ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদের পাশাপাশি পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। অন্যদিকে, বিক্ষুব্ধ শ্রমিকদের প্রতিহত করার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের মহাসড়কে অবস্থান নিতে এবং মহড়া দিতে দেখা গেছে।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ জোনগুলোতে বর্তমানে বিজিবি টহল দিচ্ছে। এখনো কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
প্রতিবেদন লেখা পর্যন্ত মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোনো মহাসড়ক কিংবা আঞ্চলিক সড়কে কারখানার শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। বরং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের দলবদ্ধভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।
গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, এখনো কোনো বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি। বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে যাচ্ছেন।